নিউজ ডেস্ক
শোনা সাক্ষীর ওপর ভিত্তি করে মামলায় বিচারিক আদালত রায় দিয়েছিলেন উল্লেখ করে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডিত সব আসামীকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
এই মামলার দ্বিতীয় অফিযোগপত্রটি আমলে নেওয়া বেআইনি ছিল উল্লেখ করে দণ্ডিত সকল আসামীকে খালাস দিয়ে রোববার সকালে রায় দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
সকলের আপিল অ্যালাউ করে (গ্রহণ করে) রুল যথাযথ ঘোষণা করে এবং ডেথ রেফারেন্স রিজেক্ট করে মোট ৪৯ আসামীকে খালাস দেন হাইকোর্ট।
আসামী পক্ষের সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান রায়ের পর্যবেক্ষণ তুলে ধরে বলেন, হাইকোর্ট রায়ে উল্লেখ করেছে কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দির ওপর ভিত্তি করে অন্য আসামিকে সাজা দেওয়া যায় না। আর দ্বিতীয় অভিযোগপত্র ছিল অতিমাত্রায় বেআইনি। দ্বিতীয় অভিযোগপত্রটি আমলে নেওয়ার ক্ষেত্রে আইন অনুসরণ করা হয়নি। তাছাড়া প্রথম অভিযোগপত্রটিও গ্রহণযোগ্য না, কারণ ওই অভিযোগপত্রটিও মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ওপর ভিত্তি করেই করা হয়েছে। যা তিনি পরে প্রত্যার হরে নিয়েছিলেন।
তার চেয়ে বড় কথা হচ্ছে, তদন্তকারী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট বাদ দিয়ে ২২৫ জন সাক্ষীর কেউই বলেননি আমি গ্রেনেড ছুড়েছি বা ছুড়তে দেখেছি। ফলে, প্রকৃত খুনী কে সেটি নাই। ফলে দণ্ডবিধির ৩০২ ধারা অনুসারে মৃত্যুদণ্ড দেওয়া যায় না।’

