মোঃ হাছনাইন
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

শনিবার ৩০ নভেম্বর রাত ৮ টায় ভোলার পুলিশ লাইন্স মিলনায়তনে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল সেপ্টেম্বর -২০২৪ এ সদ্য নির্বাচিত ৫২ জন নবীন সদস্যকে ফুল দিয়ে বরণ করলেন ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয়। ‘সেবার ব্রতে চাকরি’—এই স্লোগানে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগপ্রাপ্ত নবীন সদস্যদের ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক।

এসময় অভিভাবকরা আবেগপ্রবণ হয়ে তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করেন যে, যদি বাংলাদেশ পুলিশ স্বচ্ছতা, যোগ্যতা এবং মেধার ভিত্তিতে নিয়োগ না দিতো তাহলে আজ তাদের সন্তানেরা বাংলাদেশ পুলিশের মত গর্বিত বাহিনীতে চাকরি করার সুযোগ পেতো না।এ সময় তারা মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে তাদের সন্তানদের বাংলাদেশ পুলিশে নিয়োগ দেয়ায় বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি মহোদয় এবং ভোলা জেলার পুলিশ সুপার মহোদয় ও নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দকে ধন্যবাদ জানান। এ সময় ভোলা জেলা হতে কন্সস্টেবল পদে সদ্য নির্বাচিত নবীন সদস্যগণ তাদের অনুভূতি জানাতে গিয়ে বলেন যে, বাংলাদেশ পুলিশ বাহিনীর মতো গর্বিত বাহিনীতে তারা সম্পূর্ণ যোগ্যতা, স্বচ্ছতা এবং মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন, যা তাদের পরিশ্রমের ফসল। এ নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে সফল ও ফলপ্রসু করার পেছনের কারিগর ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানান।

পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহবান জানান এবং প্রশিক্ষণকালীন বিভিন্ন কার্যক্রম নিয়ে তাদের দিক নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় এসময় নিয়োগ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত পুলিশ হেডকোয়ার্টার্স ও ভোলা জেলার সকল পুলিশ সদস্যবৃন্দসহ মাননীয় আইজিপি ও বরিশাল রেঞ্জের সম্মানিত ডিআইজি মহোদয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় নিয়োগ বোর্ডের সদস্যসহ ভোলা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।