নিউজ ডেস্ক

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে বাহাত্তরের সংবিধান বাতিল এবং আওয়ামী লীগের বিচারের আগে নির্বাচন না করার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা বলেন, গত ৫ মাস ঘোষণাপত্র দেওয়ার সময় হয় নাই কেন? তাই আমরা বাধ্য হয়ে এখানে এসেছি। আওয়ামী লীগের বিচারের আগে নির্বাচন নয়।

শেখ হাসিনার বিচার নিশ্চিতের দাবি জানিয়ে খাদিজাতুল কোবরা বলেন, আওয়ামী লীগের দোসররা খোলস পাল্টে বিএনপি জামায়াতে যোগ দিচ্ছে।শামান্তা শারমিন বলেন, অনেক রাজনৈতিক দল নির্বাচনের জন্য পাগল হয়েছে। আমরা নির্বাচনের জন্য রক্ত দেইনি। আমরা সংস্কার চাই। তিনি আরও বলেন, জানুয়ারির ১৫ তারিখের মধ্যে প্রক্লেমেশন ঘোষণা করতে হবে।

তিনি বলেন, ৫ আগস্টে শেখ হাসিনা পালিয়ে গেছে, এরপর ইউনূস সরকার ক্ষমতায় এসেছে। তারপর ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গেল কীভাবে? এসময় বিপ্লবকে বৃথা যেতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

আসাদুল্লাহ গালিব বলেন, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচন নয়। নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, গণআকাঙ্ক্ষা পূরণ না হলে প্রক্লেমেশন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মেনে নেবে না। নতজানু পররাষ্ট্রনীতি চাই না, কোন দেশের চোখ রাঙানি বাংলাদেশ মানবে না, চাঁদাবাজি, সিন্ডিকেট ভাঙতে হবে।