নিউজ ডেস্ক
রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে গেছেন গ্রেপ্তার হওয়া একই থানার সাবেক ওসি একাধিক মামলার আসামি শাহ আলম।
এ ঘটনায় কর্তব্যরত উত্তরা পূর্ব থানার এএসআইকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হয়েছে।
জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। গত পহেলা আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগদান করেছিলেন।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি মামলায় উত্তরা পূর্ব থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেন।
আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এরমধ্যেই তিনি কৌশলে পালিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির উপ পুলিশ কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তা সাবেক ওসি শাহ আলম পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়া কর্মকর্তা একজন ইন্সপেক্টর তার নাম শাহ আলম। তিনি উত্তরা পূর্ব থানার সাবেক ওসি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গত ২ সেপ্টেম্বর তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় গতরাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এমন সময় তিনি কৌশলে পালিয়ে যান।
বিষয়টি জানার পর থেকে তাকে পুনরায় গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। এ ঘটনার দায়িত্বের অবহেলা কারণে দায়িত্ব রত এএসআইকে সাসপেন্ড করা হয়েছে। তবে সাসপেন্স করা এএসআই এর নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি তিনি।

