নিউজ ডেস্ক
বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩’ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।তিনি জানান, ওই আইনটি বাতিল করতে নির্বাচন কমিশন চিঠি দিয়েছিল। ওই চিঠি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। ফলে জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে না গিয়ে নির্বাচন কমিশনের অধীনেই থাকছে।
জাতীয় পরিচয় নিবন্ধন আইন প্রসঙ্গে সিইসি বলেন, আমি সরকারকে আন্তরিক মোবারকবাদ জানাই যে, অতি দ্রুত সময়ে অ্যাডভাইজরি কমিটি অনুমোদন দিয়েছে। বুধবার আমরা চিঠি পাঠিয়েছিলাম, বৃহস্পতিবার এটা পাশ হয়েছে।
তিনি বলেন, যখন জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়া হয়, তখন আমি গণমাধ্যমের খবরে জানতে পেরেছিলাম। দেশের একজন সিনিয়র নাগরিক হিসেবে তখনই আমি মনে করেছিলাম, কোনো মহৎ উদ্দেশ্যে এটা নেওয়া হচ্ছে না। আমি সিইসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর দু’একজনের সঙ্গে আলাপের পর আমি বলেছিলাম, জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের অধীনে রাখতে হবে। এজন্য যা যা করার আমি করবো। সেজন্য ওই আইন বাতিল করতে চিঠি দিয়েছি।

