নিউজ ডেস্ক

রোববার মধ্যরাতে সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাবির সোমবারের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, চলমান পরিস্থিতিতে আমরা গভীরভাবে মর্মাহত। এমন পরিস্থিতিতে প্রশাসনিক মিটিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোমবারের সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে। ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠক আহ্বান করা হয়েছে। আশা করি সব পক্ষের আলোচনার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হবে।

আজ (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এক ভিডিও বার্তায় শিক্ষার্থীদের ধৈর্য ধরার অহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, গতকাল সন্ধ্যায় ৭ কলেজের শিক্ষার্থীদের সাথে আমার অফিসে আলোচনাকে কেন্দ্র করে রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত ঘটেছে তা দুঃখজনক। এতে আমি গভীরভাবে মর্মাহত। আমি বিশ্বাস করি, সুষ্ঠু পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝি অবসান ঘটবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসিকে ক্ষমা চাওয়ার জন্য ১ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল আন্দোলনকারীরা। এ দাবির পরে মধ্যরাতে মুখোমুখি অবস্থান নেয় ঢাবি শিক্ষার্থীরা ও সাত কলেজের শিক্ষার্থীরা। ঘটেছে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা।

সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে সাত কলেজ শিক্ষার্থীরা সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড় অবরোধ করেন। এরপর রাজধানীর তাঁতীবাজারেও অবরোধ করেন তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রনে কয়েকটি থানার পুলিশের পাশাপাশি কয়েক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে ঢাবি এলাকার আশেপাশে।