ইয়াসিন আলী
নাশকতা বিরোধী’ বিশেষ অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৩১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ এপ্রিল) সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন থানা ও স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।সোমবার (২১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবির ওসি বজলার রহমান।
তিনি জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিভিন্ন নাশকতা ও সহিংসতার মামলার আসামি। চলমান অভিযানে সদর থানা থেকে ৭ জন, রাজারহাটে ২ জন, উলিপুরে ৩ জন, নাগেশ্বরীতে ১ জন, ফুলবাড়ীতে ৪ জন, ভূরুঙ্গামারীতে ৫ জন, চিলমারীতে ২ জন, রাজিবপুরে ২ জন, রৌমারীতে ১ জন, কচাকাটায় ২ জন এবং ঢুষমারা থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, জেলায় অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনাকারী ও সহযোগীদের চিহ্নিত করে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।

