নিউজ ডেস্ক
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে উল্লেখ করে বুধবার (২১ মে) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক তার পছন্দের ঠিকাদারকে কাজ দেয়ার জন্য ১৮ মে মোবাইলে কথা বলেন। অতিরিক্ত প্রধান প্রকৌশলী তাকে পাবলিক প্রকিউরমেন্ট আইন ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালার আইনি বিষয়গুলো ব্যাখ্যা করেন এবং আইনের বাইরে গিয়ে কোনো কিছু করার সুযোগ নেই মর্মে তাকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু নুরুল হক তার কোনো কথা না শুনে তাকে কাজ দেয়ার জন্য চাপ প্রয়োগ করেন। এরপর ডিএনসিসির অফিসে তালা লাগানোর হুমকি দেন নূর।
এতে বলা হয়, তার প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টার সময় গুলশান-২ এর নগর ভবনের সামনে কিছু লোক নিয়ে গণঅধিকার পরিষদের ব্যানারে বিশৃঙ্খলা সৃষ্টি ও ডিএনসিসি প্রশাসকের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে। যাতে ডিএনসিসির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

