নিউজ ডেস্ক

শনিবার (২৪ মে) রাত ৯টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর প্রেস বিফ্রিংয়ে বিএনপি নেতারা বলেছেন, নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পূর্ণ করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি জানিয়েছেন তারা।

বৈঠকে তিনটি বিষয় প্রধান্য পেয়েছে উল্লেখ করে নেতারা বলেন, নির্বাচন, সংস্কার ও বিচার এই তিনটি মূল এজেন্ডা নিয়ে আজকে আলোচনা হয়েছে। তবে আমরা পূর্বে অবগত না থাকায় লিখিত বক্তব্য উপস্থাপন করেছি।

বৈঠক করে বিএনপি সন্তুষ্ট কি না, এমন প্রশ্নের জবাবে বিএনপি নেতারা বলেন, এখনো প্রতিক্রিয়া জানানোর সময় হয়নি। প্রধান উপদেষ্টার প্রেস ব্রিফিংয়ের পর প্রতিক্রিয়ার বিষয়ে জানা যাবে। তখন সন্তুষ্ট কিনা বলতে পারবো। এখন আমাদের দাবি উপস্থাপন করা হয়েছে।

চলমান রাজনৈতিক সংকট নিয়েও প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে উল্লেখ করে সালাউদ্দিন বলেন, বিএনপি কখনো প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি। বরং বর্তমান সরকারকে প্রথম দিন থেকে সর্বাত্মক সহযোগিতা করে আসছে বিএনপি।

তারা বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মী ব্যক্তিগতভাবে এবং পারিবারিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের আমলে। তাই আওয়ামী লীগের বিচার সবচেয়ে বেশি দাবি করে বিএনপি। ফলে এই সরকারের আমলে আওয়ামী লীগের বিচার অসম্পন্ন থাকলে বিএনপি ক্ষমতা গেলে স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে তা সম্পন্ন করবে।