মোঃ হাছনাইন
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় ভিজিএফ খাদ্য সহায়তা কর্মসূচি থেকে প্রায় ২০০ প্রকৃত জেলে চাল না পাওয়ার অভিযোগ তুলেছেন। জেলেরা দাবি করছেন, বৈধ মৎস্যজীবী কার্ড থাকা সত্ত্বেও দুই ধাপে বরাদ্দকৃত চাল থেকে তারা বঞ্চিত হয়েছেন। ২৭ মে ২০২৫, মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার ৩ নম্বর চাঁদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে চাল বিতরণ শেষে ক্ষুব্ধ জেলেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগপত্র (স্মারকলিপি) প্রদান করেন।

তাদের দাবি, প্রথম ধাপে গত মাসে এবং দ্বিতীয় ধাপে এবার—দু’বারই তারা তালিকাভুক্ত থাকলেও চাল পাননি। অথচ তালিকায় তাদের নাম থাকার কথা ছিল। সরকার প্রতিবছর জাটকা আহরণ নিষিদ্ধকালীন সময়ে নিবন্ধিত জেলে পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় দুই ধাপে মোট ১৬০ কেজি চাল (প্রতি ধাপে ৮০ কেজি) বিতরণ করে থাকে। কিন্তু এ বছর অনেক প্রকৃত জেলের নাম তালিকা থেকে বাদ পড়ায় হতাশা ও ক্ষোভ বিরাজ করছে জেলেদের মধ্যে।

জেলেদের অভিযোগ, তালিকা তৈরিতে অনিয়ম ও বড় একটি রাজনৈতিক দলের প্রভাব রয়েছে। তারা দাবি করেন, “আমাদের বৈধ কার্ড থাকা সত্ত্বেও চাল দিচ্ছে না। অথচ আমরা দেখেছি, একই পরিবারের একাধিক সদস্য চাল পাচ্ছেন। এটা কেমন ন্যায়বিচার?” এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ জানান, জেলেদের অভিযোগপত্রটি উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে। তিনি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তবে একাধিকবার ফোন করেও তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি, তিনি ফোন রিসিভ করেননি। জেলেরা দ্রুত সঠিক তদন্ত ও প্রকৃত কার্ডধারীদের চাল নিশ্চিত করার দাবি জানিয়েছেন। স্থানীয়দের মতে, এ ধরনের অনিয়ম শুধু খাদ্য সহায়তা কর্মসূচির ওপর আস্থা নষ্ট করে না, বরং সমাজে বৈষম্য ও ক্ষোভের জন্ম দেয়।