নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর রায়পুরা থানাধীন শ্রীনগর ইউনিয়নে সন্ত্রাসী সোহেল ও তার সহযোগীদের হামলায় এক শিশু গুরুতর আহত হওয়ার ঘটনায় সন্ত্রাসী সোহেলকে আটকের জন্য এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ।
জানা যায়, আজ ৯ জুন সোমবার সকালে রায়পুরা থানাধীন শ্রীনগর গ্রামে সন্ত্রাসী সোহেল ও তার বাহিনীর আক্রমনে একই গ্রামের আশ্রব আলীর শিশু সন্তান তাফশিরা (১৪) গুরুতর আহত হয়। ঘটনা শুনে দ্রুত তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তৎপর হয় জেলা পুলিশ।
নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), নরসিংদীর নেতৃত্বে সিনিয়র সহকারী পুলিশ সুপার, রায়পুরা সার্কেল, অফিসার ইনচার্জ, রায়পুরা থানাসহ জেলা পুলিশ, ডিবি ও রায়পুরা থানা পুলিশের সমন্বয়ে শ্রীনগর গ্রামে সন্ত্রাসী সোহেল এর বসত বাড়ি ও আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে সন্ত্রাসী সোহেল ও তার বাহিনী এলাকা হতে পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।
সন্ত্রাসী সোহেল এর বসত ঘর ও আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র টেটা-বল্লম, ০৫ টি চাপাতি, ০৭ টি ছুরি, লোহার পাইপ, ০৮ টি মোবাইল ফোন, রেজিষ্ট্রেশনবিহীন ০২ টি মোটর সাইকেল, ০১টি ল্যাপটপ, ডিভিআর, টর্চ লাইট ইত্যাদি উদ্ধার করা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। উক্ত ঘটনা সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।
উল্লেখ্য, সন্ত্রাসী সোহেল এর বিরুদ্ধে ০৩ টি হত্যা মামলা, ০২ টি অস্ত্র মামলাসহ বিভিন্ন অপরাধে ১১ টি মামলা রয়েছে।

