বিশেষ প্রতিনিধি

ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্থাপত্য বিভাগে আজ ১৩ জুলাই রবিবার অনুষ্ঠিত হয়েছে এক মনোজ্ঞ নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান। নান্দনিক এই আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং সদ্য স্নাতক হওয়া শিক্ষার্থীদের বিদায় জানানো হয়। সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে “গ্রাম বাংলা” থিমে আয়োজন করা হয় অনুষ্ঠাটি যা বাংলার গ্রামীণ ঐতিহ্য, নান্দনিকতা ও সংস্কৃতিকে উদযাপন করে।

বিকাল ৩টায় বিভাগের স্কাই গ্যালারিতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থাপত্য বিভাগের চেয়ারপারসন সহকারী অধ্যাপক শাহরিয়ার ইকবাল রাজ ও বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ, নবীন ও প্রাক্তন শিক্ষার্থীরা। দৃষ্টিনন্দন গ্রামীণ পরিবেশের আবহে তৈরি পুরো ভেন্যুটি সাজানো হয়েছিল বাঁশের তৈরি কাঠামো, মাটির রঙ, গ্রামীণ মোটিফ ও স্থাপত্য মডেলের মাধ্যমে।

নবীনবরণ

অনুষ্ঠানের শুরুটা হয়েছিল নতুনদের জন্য এক উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে। পরিচিতি পর্বে নবীনরা প্রথমবারের মতো চোখ মেলে দেখে স্থাপত্যশিক্ষার প্রাণবন্ত পরিবেশ আর সৃষ্টিশীলতা-ভরা জগৎ।

দিনের সবচেয়ে আবেগময় মুহূর্ত আসে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান পর্বে। দীর্ঘ চার বছরের পথচলার শেষে, তাঁদের হাতে সনদ ও শুভেচ্ছা স্মারক তুলে দেন বিভাগীয় চেয়ারপারসন সহকারী অধ্যাপক শাহরিয়ার ইকবাল রাজ এবং শিক্ষকবৃন্দ। পুরো মুহূর্তটা ছিল একসঙ্গে কৃতজ্ঞতা, গর্ব আর স্মৃতির এক আবেগঘন মিশেল।

শিক্ষকরা জানান, “গ্রাম বাংলা” থিমটি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং এটি সংস্কৃতি, স্থাপত্য ও পরিচয়কে সংযুক্ত করার একটি প্রয়াস। এর মাধ্যমে শিক্ষার্থীরা শেখে কিভাবে স্থাপত্যচর্চা আমাদের শিকড়কে ধারণ করে আধুনিক সময়ের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে।

আয়োজনটি ছিল এক আবেগঘন ও উৎসবমুখর মিলনমেলা, যেখানে শুরু ও শেষ এক সুতোয় গাঁথা হয়ে ধরা দেয়। এটি নিখুঁতভাবে তুলে ধরে নর্থ সাউথ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সেই মৌলিক উদ্দেশ্যকে—যেখানে শিক্ষার্থীরা গড়ে ওঠে সংস্কৃতিতে প্রোথিত ও সৃজনশীল চিন্তায় উজ্জীবিত ভবিষ্যতের নির্মাতা হিসেবে।