নিউজ ডেস্ক

দেশকে যেন গণতান্ত্রিক অবস্থায় ফিরতে না দেওয়া হয়, সেই লক্ষ্যেই বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি দেশকে এগিয়ে নিতে পরিকল্পনা করছে, কিন্তু সেই পরিকল্পনা ভণ্ডুল করার চেষ্টাও চলছে।

সোমবার (১১ আগস্ট) বিকেলে নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ১৫ বছর পর নওগাঁ শহরের বালুডাঙ্গায় নওগাঁ কনভেনশন সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতনের পর দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। এই পর্বের লক্ষ্য জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, যার প্রথম ধাপ নির্বাচন। অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন হতে পারে। কিন্তু এ নির্বাচন ঠেকাতেও চলছে নানা ষড়যন্ত্র।

তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “এখন বিএনপির সুসময় চলছে। এই সময়ে অনেক ‘ঘুঘু’ কাছে আসবে। এদের সম্পর্কে সজাগ থাকতে হবে। একইসঙ্গে ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।”

বিএনপি ক্ষমতায় গেলে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে জানিয়ে তারেক রহমান বলেন, দেশে বেকারত্ব, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের ভঙ্গুর অবস্থা মোকাবিলায় দল পরিকল্পনা করছে।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “দেশের মানুষ আজ বিএনপির দিকে তাকিয়ে আছে। তারা বিশ্বাস করে, একমাত্র বিএনপিই পারে দেশকে পুনর্গঠন করতে। জনগণের আস্থা অর্জন করে নির্বাচনে জয়ী হতে হবে।”

সম্মেলনে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এসএম রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ। আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, লে. কর্নেল (অব.) আব্দুল লতিফ খান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, সহসাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান খান আলীম ও ওবায়দুর রহমান চন্দন।

সম্মেলন শেষে বিকেল সাড়ে ৫টা থেকে কাউন্সিলের মাধ্যমে জেলার নতুন নেতৃত্ব নির্বাচনের কথা রয়েছে। জেলার ১১ উপজেলা ও তিন পৌর কমিটির ১,৪১৪ জন কাউন্সিলরের ভোটে নেতৃত্ব নির্বাচন হবে। তিনটি শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২০ জন প্রার্থী।