নিউজ ডেস্ক
দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার (২৮ আগস্ট) ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে প্রকৌশল শিক্ষার্থীরা। তবে জনদুর্ভোগ এড়াতে শাহবাগ অবরোধ না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শাহবাগে প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা সব বন্ধ থাকবে। বৃহস্পতিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত বিকাল ৫টায় সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আমাদের ৩ দফা দাবির কোনোটাই পূরণ হয়নি। পলিসি মেকার যারা বসে আছেন তারা কেউ আমাদের আন্দোলনের বিষয় সম্পর্কে কিছুই জানে না।
এদিকে, বুধবার রাতে শাহবাগে গিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী প্রকৌশল শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
এর আগে, বুধবার সন্ধ্যায় প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

