মোঃ তারেক মিয়া
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি


ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস, গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা পালন করেছে খেলাফত মজলিস। ৩ অক্টোবর শুক্রবার জুমা’র নামাজের পর, শাল্লা উপজেলা খেলাফত মজলিসের আয়োজনে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি থানা মসজিদের সামনে থেকে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুরাতন উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণে এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। শাল্লা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা বজলুর রহমানের সভাপতিত্বে ও থানা মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল কাশেমের পরিচালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাটি সম্পন্ন হয়েছে। এসময় খেলাফত মজলিসের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

এসময় বক্তারা বলেন, ইসরায়েল নামে এক সময় কোন রাষ্ট্র ছিল না। ব্রিটেনে একটি চুক্তির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে থাকা ইহুদিরা ফিলিস্তিনে এসে জড়ো হয়। ১৯১৭ সালে ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের কাছ থেকে আস্তে আস্তে ভূখণ্ড ক্রয় করে বসবাস শুরু করে।

একপর্যায়ে ১৯৪৮ সালে ইসরায়েলিরা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার পায়তারা করে। ২য় বিশ্ব যুদ্ধের পর ইসরায়েলিরা একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে থাকে। বিশ্বের উগ্র ও মুসলিম বিদ্বেষী রাষ্ট্র আমেরিকা ইসরায়েলকে অতীত থেকে বর্তমান পর্যন্ত সাপোর্ট দিয়ে আসছে। তবে বিশ্বের অনেক অমুসলিম রাষ্ট্র নির্যাতিত ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে। বক্তারা বলেন জাতি সংঘের অধিবেশনে দেখা গেছে বিশ্বের দশটি রাষ্ট্র ছাড়া সবাই ফিলিস্তিনের পক্ষে।

এই পর্যন্ত লক্ষ লক্ষ ফিলিস্তিনিরা নিহত হয়েছে। তারা নিজেদের জায়গায় ইসরায়েলকে আশ্রয় দিয়ে ফিলিস্তিনরা এখন নিজেরাই আশ্রয়হীন। আমরা চাই মুসলমানদের পবিত্র স্থান ফিলিস্তিন স্বাধীন হউক এবং তাদের সার্বভৌমত্ব টিকে থাকুক। এবং সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলকে জাতিসংঘের সদস্য পদ থেকে বাতিল করা হউক। এব্যাপারে সকল মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।