বিজয় কর রতন
কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার এলংজুরী এলাকার পার্শ্ববর্তী ধনু নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি।
নিখোঁজ এই জেলের নাম শ্রীকৃষ্ণ দাস। তিনি এলংজুরী ইউনিয়ন সদরের বড়হাটি এলাকার রসিক দাসের ছেলে। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাফর ইকবাল এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ জানায়, শুক্রবার সকাল ৭ টার দিকে একটি ডিঙি নৌকায় করে বাড়ির পার্শ্ববর্তী ধনু নদীতে মাছ ধরতে যান। এসময় তার আশেপাশে আরও বেশ কয়েকজন জেলে মাছ ধরছিল।
সকাল ৮ টার দিকে তারা হঠাৎ দেখতে পান নৌকায় জাল, মোবাইল পড়ে থাকলেও শ্রীকৃষ্ণ দাস নেই। পরে তাদের এলাকায় খবর দেন। এলংজুরী এলাকার বাসিন্দা আশিক দাস জানান, দুই বছর পূর্বে ক্যান্সার আক্রান্ত হয়ে শ্রীকৃষ্ণ দাসের স্ত্রী মারা গেছেন। তার পরিবারে একটি মেয়ে ও দুটি ছেলে সন্তান রয়েছে।
স্বজনদের বরাতে ঘটনাস্থল থেকে ইটনা নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র দাস জানান, বৃহস্পতিবার থেকেই শরীরে জ্বর ছিল শ্রীকৃষ্ণ দাসের। তারপরেও জীবিকার তাগিদে মাছ ধরতে এসেছিলেন তিনি। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাছ ধরার কোনো সময়ে হয়তো নদীতে গেছেন।
বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

