বিজয় কর রতন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের উপস্থিতিতে কিশোরগঞ্জে দলের সমন্বয় সভা চলছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টা থেকে জেলা শিল্পকলা মিলনায়তনে শুরু হয়েছে সমন্বয় সভা।
কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব আহনাফ সাঈদ খানের সভাপতিত্বে শুরু হওয়া সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির, দিদার শাহ প্রমুখ। মঞ্চের ব্যানারে বিশেষ বক্তা হিসেবে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষারের নাম থাকলেও তিনি অনিবার্য কারণে আসতে পারেননি।
এনসিপির জেলা সংগঠক ইকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এরপরই শুরু হয় সাংগঠনিক আলোচনা। জেলার বিভিন্ন উপজেলা থেকে কমিটির নেতাকর্মীরা সমন্বয় সভায় অংশ নিয়েছেন।
তবে সারজিস আলম সাংগঠনিক আলোচনার সময় সাংবাদিকদের উপস্থিত না থাকার জন্য অনুরোধ করেছেন। তিনি দুপুর ১টায় সাংবাদিকদের উদ্দেশ্যে প্রেস ব্রিফিং করবেন বলে জানিয়েছেন। সভা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

