নিউজ ডেস্ক

জনপ্রশাসনে অনিয়ম ও দুর্নীতির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিমান মাইলস্টোন স্কুলে না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল।

রোববার (২৬ অক্টোবর) বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) বিসিএস পরীক্ষার অগ্রগতি বিষয়ে এক আলোচনা শেষে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘সচিবালয় এখন স্বৈরতন্ত্র ও দুর্নীতির আশ্রয়স্থল হয়ে উঠেছে। সাধারণ মানুষ সেখানে কোনো গুরুত্বই পায় না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনিয়ম ও প্রভাব বন্ধ না হলে চাকরিপ্রার্থীরা কখনোই লাল ফিতার জটিলতা থেকে মুক্তি পাবে না।’

তিনি বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থান শুরু হয়েছিল বিসিএসে বৈষম্য রোধের দাবিতে, কিন্তু আজও পিএসসির কার্যক্রমে সমন্বয়হীনতা রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা এখনো পদ-পদবি আর পোস্টিং নিয়েই ব্যস্ত। চাকরিপ্রার্থীরা তাদের অগ্রাধিকার তালিকায় নেই। এই অদক্ষতা ও উদাসীনতার কারণেই তরুণ প্রজন্মের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘অভ্যুত্থানের পর সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে আমলারা। তারা নিজেদের পদোন্নতি নিশ্চিত করেছে, কিন্তু সাধারণ চাকরিপ্রার্থীদের ভোগান্তি কমেনি।’

পিএসসির সংস্কার প্রচেষ্টার কথা উল্লেখ করে হাসনাত বলেন, ‘বিসিএস এক বছরের মধ্যে সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে। কিন্তু চাকরি বিধি সংশোধনের ক্ষমতা জনপ্রশাসন মন্ত্রণালয়ের হাতে। তারা যদি অনিয়ম বন্ধ করতে না পারে, তাহলে চাকরিপ্রার্থীরা দুর্নীতির শৃঙ্খল থেকে মুক্তি পাবে না।’

সাম্প্রতিক বিমান দুর্ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বিমানটি যদি মাইলস্টোনে না পড়ে সচিবালয়ে পড়ত, তাহলে হয়তো দুর্নীতির মূল জায়গাটাতেই আঘাত হতো।’

যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক বিবেচনায় বিসিএস মৌখিক পরীক্ষা (ভাইভা) নেওয়ার সমালোচনা করে হাসনাত বলেন, ‘যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন না হলে বিসিএস কখনোই স্বচ্ছ ও ন্যায়সংগত হবে না।’