মোঃ হাছনাইন
ইসলামী আন্দোলন বাংলাদেশের চলমান যুগপৎ আন্দোলনের ৪র্থ ধাপের কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আগামী জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন, তার ওপর গণভোট আয়োজন, নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বিকেল তিনটায় ভোলা সদর নতুন বাজার চত্বরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, ভোলা জেলা দক্ষিণ শাখার সহ-সভাপতি মাওলানা গোলাম মোর্শেদ ও মাওলানা শরীফ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাহমুদুল হাসানসহ জেলার বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দেশে চলছে অব্যাহত অবিচার, দুর্নীতি ও স্বৈরশাসনের দাপট। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের ন্যায়বিচার ও ইসলামী শাসন প্রতিষ্ঠার দাবিতে রাস্তায় নেমেছে এবং এই আন্দোলন শান্তিপূর্ণভাবেই চলবে।
বক্তারা আরও বলেন, বর্তমান দুঃশাসনের অবসান ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে যুগপৎ আন্দোলন চালিয়ে যাচ্ছে, তা আল্লাহর সাহায্যে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র আন্দোলনের শত শত নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

