মোঃ শাহ আলম
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের অলিপুর গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ ইউনুছ মিয়াকে বুধবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে অলিপুর কেন্দ্রীয় মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজা শেষে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, চৌমুহনী ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা বলেন, হাজী মোঃ ইউনুছ মিয়া ছিলেন মুক্তিযুদ্ধের সময় সাহসী যোদ্ধা, যিনি দেশের স্বাধীনতার স্বপ্নে বুক পেতে লড়েছিলেন শত্রুর বিরুদ্ধে। তাঁর মৃত্যুতে জাতি এক সত্যিকারের দেশপ্রেমিক সন্তানকে হারালো।
এলাকাবাসী বলেন, তিনি ছিলেন সৎ, ধর্মপ্রাণ ও মানবিক গুণে গুণান্বিত একজন সমাজসেবক। যুদ্ধ পরবর্তী সময়েও তিনি সমাজকল্যাণমূলক কাজে নিজেকে নিবেদিত রেখেছিলেন। বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ ইউনুছ মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে তাঁর আত্মত্যাগ ও দেশপ্রেম চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড ও এলাকাবাসী।

