নুরুল কবির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, ওলামা – মশায়েখগণ অপরিসীম যোগ্যতার অধিকারী। আল্লাহ তায়ালা তাদেরকে বহুমুখী প্রতিভা দিয়েছেন। কিন্তু তারা শুধুমাত্র মসজিদ, মাদরাসা ও খানেকাকেন্দ্রিক মেহনত করেন।
মানবজীবনের সাথে সম্পৃক্ত রাষ্ট্রের অন্যান্য বিভাগে খেদমত করতে চান না। তাই সেই সব অঙ্গণে সৎ নেতৃত্ব কায়েম হচ্ছে না। ফলে সমাজ ও রাষ্ট্রের প্রায় প্রতিটা সেক্টরে ক্রমাগত দুর্নীতি ও অনাচার বেড়ে চলছে। এসব বন্ধ করতে হলে ওলামা – মশায়েখগণকে রাজনীতি সচেতন হতে হবে। রাজনীতির ময়দানকে কলুষমুক্ত করতে হবে। সৎ নেতৃত্বের জন্য আলেম সমাজকে এগিয়ে আসতে হবে। ওলামা হজরাতকে মসজিদের ইমাম হওয়ার পাশাপাশি সমাজেরও ইমাম হতে হবে।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা শাখার উদ্যোগে ডলু ব্রীজের পশ্চিমে এরাবিয়ান কনভেনশন সেন্টারে আয়োজিত ওলামা – মশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
তিনি বলেন, ১৯০৫ সাল থেকে এই অঞ্চলের ওলামাগণ একটি কল্যাণমূলক রাষ্ট্র কায়েমের চেষ্টা করে যাচ্ছে। কিন্তু ঐক্যবদ্ধ না হওয়ার কারণে সফলতা আসেনি। এবার ৩৬ শে জুলাইয়ের চেতনার ভিত্তিতে ৮ টি ইসলামী দল ঐক্যবদ্ধ হয়েছে। এতে দেশ ছাড়িয়ে বিদেশেও সাড়া পড়ে গেছে। এ ঐক্য ধরে রেখে ইসলামী শক্তির বিজয় নিশ্চিত করতে হবে।
উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা ওলামা – মশায়েখ বিভাগের দায়িত্বশীল মাওলানা আবু আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে দারসুল কুরআন পেশ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. মাওলানা নিজাম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আমীর আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা আবুল ফয়েজ, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব ইবরাহীম চৌধুরী, সাতকানিয়া পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা হামিদ উদ্দিন আজাদ প্রমূখ।
ওলামা – মশায়েখগণের পক্ষ হতে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা নুরুল আজীম,অধ্যক্ষ মাওলানা মুনীরুল আলম, অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ আল কাদেরী, মুহাদ্দিস মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা আজিজুল হক, মাওলানা তারেক হোসাইন, মাওলানা আব্দুল্লাহ আল নোমান, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা মুহাম্মদ ইবরাহীম, মাওলানা রেজাউল করিম, মাওলানা কফিল উদ্দিন প্রমূখ।
মোনাজাত পরিচালনা করেন সাতকানিয়া মডেল মসজিদের খতীব মাওলানা মিজানুর রহমান।

