নিউজ ডেস্ক

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে জনগণের উদ্দেশ্যে প্রথমবারের মতো বক্তব্য রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি জানিয়েছেন এদেশের জন্য, দেশের মানুষের জন্য তার ও বিএনপির পরিকল্পনার কথা।

এসময় তিনি মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত উক্তি সুরে বলেন, ‘আই হ্যাভ অ্যা প্ল্যান, ফর দ্য পিপল অভ দ্য কান্ট্রি, ফর মাই কান্ট্রি।’

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ৩টা ৫৭ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন।এর আগে মঞ্চে উঠে নেতা–কর্মীদের উদ্দেশে হাত নাড়েন তারেক রহমান। মঞ্চে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুরুতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘প্রিয় বাংলাদেশ’ বলে বক্তব্য শুরু করেন। তারেক রহমান বলেন, ‘৭১ এ দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল ২০২৪ সালে তেমন সর্বস্তরের মানুষ, সবাই মিলে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়।’

তারেক রহমান আরও বলেন, ‘আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এ দেশে পাহাড়ের, সমতলের, মুসলমান, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে। আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, পুরুষ, শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে, যেন নিরাপদে ফিরতে পারে।’