ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী সদর উপজেলা করিমপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

১৭ জানুয়ারি-২০২৬ শনিবার বিকালে করিমপুর ইউনিয়নের সফুরা খাতুন বালিকা বিদ্যালয়ের মাঠে এই আয়োজন সম্পন্ন হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি, দেশ ও জাতির কল্যাণ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উত্তরণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

করিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক, সাবেক এমপি ও জেলা বিএনপির অন্যতম সদস্য এড. শিরিন সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি ও জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদসহ ইউনিয়ন বিএনপির অঙ্গ-সংগঠনের নেত্রীবৃন্দ!

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক মো.আসাদুজ্জামান কাজল।

আয়োজকরা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের নির্ভীক কণ্ঠস্বর। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। তাঁর রুহের মাগফিরাত কামনায় করিমপুর ইউনিয়ন বিএনপি বিশেষ দোয়া করেন।

দোয়া মাহফিল শেষে এলাকার অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতের এই দুর্ভোগের সময়ে এমন মানবিক উদ্যোগ গ্রহণ করায় স্থানীয় সাধারণ মানুষ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। শুধু রাজনৈতিক কর্মসূচিই নয়—মানবিক কার্যক্রমের মাধ্যমেও জনগণের সেবায় বিএনপি অঙ্গীকারবদ্ধ।

এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।