নুরুল কবির
চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী ও স্থানীয় অস্ত্র ব্যবসায়ী জাহিদুল ইসলাম ওরফে পিচ্ছি জাহেদ (৩৫) কে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার সময় নির্ভরযোগ্য সোর্সের তথ্য মতে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০৪ পিস ইয়াবা ও ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত পিচ্চি জাহিদ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসা ও মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। পূর্বপ্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেজর মো. ফারহান ফুয়াদের নেতৃত্বে একটি বিশেষ অভিযানে তাকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিচ্চি জাহিদ স্বীকার করেছেন যে, তার বিরুদ্ধে বর্তমানে দুটি হত্যা মামলা ও দুটি মাদক সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে।
অভিযানকালে বাজালিয়া আর্মি ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন সাব্বির আহাম্মেদ সানি, ওয়ারেন্ট অফিসার মো. ফজলুল হকসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ক্যাপ্টেন সাব্বির আহাম্মেদ সানি জানান, গ্রেপ্তারকৃত পিচ্চি জাহিদকে উদ্ধারকৃত ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, এলাকায় আইনশৃঙ্ঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে সেনাবাহিনীর এ ধরনের অভিযান আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে।

