
ওমর ফারুক
নরসিংদীর রায়পুরা উপজেলার মতিউর নগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরালটি মঙ্গলবার (২০ জানুয়ারি) সরিয়ে নিয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তর এবং ৬ লেন প্রকল্পে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান। এটি একমাত্র ম্যুরাল;ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেন প্রকল্পের আওতায় ভাঙ্গা পড়েছে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের নামে তৈরি হয়েছিল উপজেলার মতিউর নগরে জেলার একমাত্র মোড়ালটি।
ঢাকা–সিলেট মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার চলমান উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে অপসারণ করা হয়েছে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের একমাত্র ম্যুরাল। বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
মহাসড়ক সম্প্রসারণের জন্য নির্ধারিত জায়গার মধ্যেই ম্যুরালটি অবস্থান করায় উন্নয়ন কাজ নির্বিঘ্ন করতে এটি সাময়িকভাবে ভাঙা হচ্ছে। তবে এটি স্থায়ীভাবে অপসারণ নয় বলে জানিয়েছে প্রশাসন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাস্তা সম্প্রসারণের কাজ শেষ হলে উপযুক্ত জায়গায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মরণে নতুন করে ম্যুরাল পুনর্নির্মাণ করা হবে। বিষয়টি জনসাধারণকে অবহিত করতে এলাকায় মাইকিং কার্যক্রমও চালানো হচ্ছে উপজেলা ও জেলা প্রশাসনের পক্ষ হতে।
প্রশাসনের ভাষ্য অনুযায়ী, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীরশ্রেষ্ঠদের স্মৃতি সংরক্ষণ—দুটোকেই সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সময়ের দাবি হলেও বীরশ্রেষ্ঠদের স্মৃতিচিহ্ন সংরক্ষণে আরও যত্নবান হওয়া প্রয়োজন। প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত সময়ের মধ্যেই ম্যুরালটি পুণর্নির্মাণ করা হবে।
উল্লেখ্য, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এক অনন্য সাহসী যোদ্ধা। তাঁর স্মরণে নির্মিত যেকোনো স্থাপনা জাতির ইতিহাস ও গৌরবের অংশ। তাই এই ম্যুরাল পুণর্নির্মাণের বিষয়টি জনসাধারণের জন্য বিশেষ গুরুত্ব বহণ করছে।

