নিউজ ডেস্ক

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির নির্বাচনী জনসভায় চেয়ার বসানোকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।‎শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামের সামনে এ ঘটনা ঘটে।‎

স্থানীয়রা জানান, বিকেলে ভাতশালা গ্রামে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি সভায় উপস্থিত থাকতে পারেননি। জনসভার শেষ পর্যায়ে কাস্তুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম কিসমতের নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে পৌঁছায়।

এ সময় চেয়ারে বসাকে কেন্দ্র করে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়ার সমর্থকদের সঙ্গে যুবদল নেতাকর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।‎সংঘর্ষে যুবদল নেতা মাহবুব আলম কিসমতসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।‎এ বিষয়ে মাহবুব আলম কিসমত বলেন, “মিছিল নিয়ে জনসভায় পৌঁছানোর পর পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়।

এতে আমিসহ অন্তত ২০ জন নেতাকর্মী আহত হই।”‎অন্যদিকে অভিযোগ অস্বীকার করে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়া বলেন, “যুবদল নেতা কিসমত ও তার লোকজনই প্রথমে হামলা চালায়। এতে আমিসহ আমাদের ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।

”‎অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রাথমিকভাবে হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।