ওমর ফারুক
বার্তা সম্পাদক

৩০ জানুয়ারি-২০২৬ শুক্রবার সকাল ৭টার দিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব–এর নেতৃত্বে নরসিংদী পৌরশহরের বৌয়াকুড় এলাকায় এমপি মার্কেটের মাছের আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিনিয়র জেলা মৎস্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহায়তা করেন।

অভিযানকালে এক ব্যবসায়ীকে বড় ইলিশের সঙ্গে নিষিদ্ধ জাটকা মাছ বিক্রি করতে দেখা যায়। এ অপরাধে তাকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে ১.৯ কেজি জাটকা মাছ জব্দ করা হয়।

জব্দকৃত জাটকা মাছ পরবর্তীতে একটি এতিমখানায় দান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীকে কঠোরভাবে সতর্ক করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মৎস্য সম্পদ সংরক্ষণ ও আইন বাস্তবায়নের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।