ওমর ফারুক
বার্তা সম্পাদক

আল্লামা ইমাম হায়াত প্রতিষ্ঠিত ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর মনোনীত নরসিংদী-১ (সদর–মাধবদী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হামিদুল হক পারভেজ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল।

সাক্ষাৎকালে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া, মানবাধিকার ও সুশাসন ইস্যুতে মতবিনিময় হয়। এ সময় নরসিংদী-১ আসনের সার্বিক পরিস্থিতি ও স্থানীয় জনগণের প্রত্যাশা তুলে ধরেন হামিদুল হক পারভেজ।

তিনি বলেন, মানবিক মূল্যবোধভিত্তিক রাজনীতি, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মূল দর্শন। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার কথাও উল্লেখ করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।