
ওমর ফারুক
নরসিংদীর শিলমান্দী ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে জিয়া পরিষদ নেতা ও প্রবাসী মো. রাসেল এর তত্বাবধানে। শনিবার (৭ তারিখ) বিকেলে শিলমান্দী ইউনিয়ন জিয়া পরিষদের উদ্যোগে এ মিছিলের আয়োজন করা হয়।
মিছিলটি শিলমান্দী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এলাকা ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
এসময় উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন বাদল, ইউনিয়ন যুবদলের আহবায়ক হুমায়ূন আহমেদ, ইউনিয়ন বিএনপি নেতা জয়নাল আবেদীন, শিলমান্দী ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপি নেতা মাসুদ ভুঁইয়া, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদপার্থী ওমর ফারুকসহ কামরুল ইসলাম, সুমন ও শান্ত প্রমূখ।
এ সময় সংক্ষিপ্ত ভাষণে বক্তারা বলেন, ধানের শীষ বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই পরিস্থিতিতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই বলে তারা মন্তব্য করেন।
নেতৃবৃন্দ আরও বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জনগণের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানাচ্ছে, যা পরিবর্তনের বার্তা বহন করে।
প্রচারণা মিছিলে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন এবং নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালানোর কথা জানান। একই সঙ্গে ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান নেতাকর্মীরা।
মিছিল শেষে আয়োজকরা বলেন, জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি চলমান থাকবে।

