মোঃ আশিকুর রহমান
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে টানা প্রচার-প্রচারণার ইতি টেনেছে নির্বাচনে অংশ নেয়া সকল প্রার্থীরা।গত১০ই ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার ভোর থেকে শেষ হয়েছে সব ধরনের নির্বাচনী প্রচার। 

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সকাল সাড়ে ৭টার পর নির্বাচনী এলাকায় আর মিছিল, জনসভা বা মাইকিং করা যাবে না। ফলে গত সোমবার রাতেই শেষ মুহূর্তের শোডাউন, পথসভা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। প্রস্তুত নির্বাচন কমিশনও প্রতিটি উপজেলায় পৌঁছে গেছে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জাম। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনী, এখন সব অপেক্ষা ভোটের দিনের। আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে হবিগঞ্জ -২(আজমিরীগঞ্জ -বানিয়াচং) ১৫০ টি  ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হবে।    

এবারের নির্বাচনে হবিগঞ্জ -২(আজমিরীগঞ্জ -বানিয়াচং) আসনে মোট ভোটার ৩,৯৪,৭৫৬জন পুরুষ ২,০০,১৬২জন নারী ১,৯৪,৫৯০ জন তৃতীয় লিঙ্গ ৪ জন। প্রতিদ্বন্দ্বিতা করছেন  ৫ জন প্রার্থী। 

নির্বাচন উপলক্ষে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা শুরু হয়েছে মঙ্গলবার রাত থেকে। অন্যান্য যানবাহনের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাচন পর্যবেক্ষণে থাকছেন সাংবাদিকরা ও।

ভোট উপলক্ষে কোথাও কোথাও ভোটারদের মাঝে উত্তেজনা থাকলেও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রচারের কোলাহল থেমে এখন দৃশ্যত নীরব নির্বাচনী মাঠ। তবে এই নীরবতার আড়ালেই চলছে ভোটের হিসাব-নিকাশ। সব প্রস্তুতির পর  এখন একটাই অপেক্ষা- ভোটের।