বিশেষ প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত থাকা স্পষ্টতই জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনরায়কে অবজ্ঞা করার শামিল। আজ ১৭ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিবৃতিতে গাজী আতাউর রহমান উল্লেখ করেন, জুলাই সনদের ধারা-৮ এ সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এবং ধারা-৯ এ একই অনুষ্ঠানে একই ব্যক্তির নিকট শপথ গ্রহণের বিধান রয়েছে। আইনী বিভিন্ন বিতর্ক থাকা সত্ত্বেও বিএনপিসহ সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দল ওই জুলাই সনদে সাক্ষর করেছে বলে তিনি দাবি করেন।
তার ভাষ্য অনুযায়ী, এই সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং তাতে জনগণ সমর্থন দিয়েছে। তিনি বলেন, “এখন পুরোনো আইনী বিতর্ক সামনে এনে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করা মানে জুলাই গণঅভ্যুত্থানের জনরায়কে উপেক্ষা করা। হাজারো মানুষের আত্মত্যাগের ভিত্তিতে যে গণআন্দোলনের বিজয় অর্জিত হয়েছে, তার প্রতি এই আচরণ মোটেই কাম্য নয়।”
গাজী আতাউর রহমান আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের সূচনালগ্নেই জনরায় উপেক্ষার যে দৃষ্টান্ত তৈরি হয়েছে, তা দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য অশনিসংকেত হতে পারে। সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোরে জনমতের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার পরিণতি কখনোই শুভ হয় না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রাপ্ত সংখ্যাগরিষ্ঠতাকে জনরায়ের বিপরীতে ব্যবহার না করে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন শুরু করা উচিত। অন্যথায় দেশ পুনরায় অনিশ্চয়তা ও অস্থিরতার দিকে ফিরে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

