
ওমর ফারুক
দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রাখতে নরসিংদীর বড় বাজারে বাজার মনিটরিং কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
২২ ফেব্রুয়ারি-২০২৬ রোজ রোববার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুন্নী ইসলাম। এসময় বাজারের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিক্রয়মূল্য যাচাই করা হয়। ব্যবসায়ীরা পণ্যের সঠিক মূল্য তালিকা দৃশ্যমানভাবে প্রদর্শন ও হালনাগাদ করেছেন কিনা তা পরিদর্শন করা হয়।পাশাপাশি মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় হচ্ছে কিনা তা কঠোরভাবে তদারকি করা হয়।
অভিযানকালে মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় দুইজন ব্যবসায়ীকে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয়ের দায়ে অপর এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়েছে।
অভিযান পরিচালিত হয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং দ্য মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত ও ভোক্তা স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

