
ওমর ফারুক
গোপন সংবাদের ভিত্তিতে বিএসটিআই-এর অনুমোদনহীন পণ্যের বিরুদ্ধে নরসিংদীতে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর যৌথ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
২২ ফেব্রুয়ারি-২০২৬ রবিবারে দক্ষিণ শিলমান্দী সংলগ্ন তুলসীপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
অভিযানকালে বিএসটিআই অনুমোদন ছাড়া বাজারজাতকরণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর অধীনে দায়ী ব্যক্তিকে ৩৫ হাজার টাকা (পঁয়ত্রিশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় ৩১০ বোতল সয়া সস ও ৭৫ প্যাকেট মশলা জব্দ করা হয়। জব্দকৃত পণ্যসমূহ তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে এবং নমুনা সংরক্ষণের জন্য বিএসটিআই নরসিংদী কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে মানহীন ও অনুমোদনহীন পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

