
ওমর ফারুক
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নরসিংদী। ২৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নরসিংদী ও জেলা প্রশাসন নরসিংদীর যৌথ উদ্যোগে নরসিংদী সদর উপজেলার ভেলানগর বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অভিযানে বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান ও পণ্যসামগ্রী পরীক্ষা-নিরীক্ষা করা হয়। মেসার্স আল্লাহর দান ফল বিতানে মৌসুমি ফলের মধ্যে ক্ষতিকর কেমিক্যাল ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করে ফলমূল ফরমালিনমুক্ত পাওয়া যায়। মাছের বাজারেও একইভাবে পরীক্ষা চালিয়ে মাছ ফরমালিনমুক্ত নিশ্চিত করা হয়। মেসার্স মোল্লা স্টোরের মুরগির দোকানে ওজনযন্ত্র যাচাই করে পরিমাপে সঠিক পাওয়া যায়।
অন্যদিকে, মেসার্স ইসলাম ট্রেডার্স নামীয় প্রতিষ্ঠানে বিএসটিআই লাইসেন্সবিহীন এবং ওজনে কম ঘি বিক্রির দায়ে “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮” এর সংশ্লিষ্ট ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই আইনে পণ্য মোড়কজাতকরণ সনদবিহীন কেক ও বিস্কুট বিক্রির দায়ে মেসার্স সোহাগ কনফেকশনারীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেসার্স ভুঁইয়া স্টোরে নকল সয়াবিন তেল মজুদ ও বিক্রির অভিযোগে সমস্ত তেল বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসন নরসিংদীর সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা।
উপস্থিত ছিলেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নরসিংদীর উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান কে এম হানিফ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মো. আরিফ হোসেন আসিফ, পরিদর্শক (মেট্রোলজি)। কেমিক্যাল পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম)। এছাড়াও অভিযানে অংশ নেন সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. কামরুল পলাশসহ বিএসটিআইয়ের অন্যান্য কর্মকর্তারা।
ভোক্তাস্বার্থ সুরক্ষায় বিএসটিআইয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

