
ওমর ফারুক
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং জোরদার করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। আজ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখে বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নরসিংদী এবং উপজেলা প্রশাসন, পলাশ-এর যৌথ উদ্যোগে নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অভিযানে মেসার্স সুমন মিষ্টান্ন ভান্ডার, চরসিন্দুরে মিষ্টি ও দই প্রস্তুতে বিএসটিআই লাইসেন্স ছাড়া উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য রঙ (কালার) ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে “বিএসটিআই আইন, ২০১৮”-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা মেয়াদোত্তীর্ণ কালার লোকসম্মুখে ধ্বংস করা হয়।
এছাড়া মেসার্স নিখিল সুইটমিট এবং মেসার্স বিজয় মিষ্টির দোকানে পণ্য মোড়কজাতকরণ সনদ ছাড়া ফার্মেন্টেড মিল্ক বিক্রির দায়ে “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮”-এর সংশ্লিষ্ট ধারায় পৃথকভাবে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। সব মিলিয়ে তিনটি প্রতিষ্ঠানে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
অভিযানকালে মেসার্স হাবিবুল্লাহ ফল বিতান ও মেসার্স জাকির ফল ভান্ডারে মৌসুমি ফলের নমুনা সংগ্রহ করে ক্ষতিকর কেমিক্যাল ফরমালিন পরীক্ষা করা হলে ফলগুলো ফরমালিনমুক্ত পাওয়া যায়। একইভাবে মাছ বাজারে রুই ও ইলিশ মাছেও ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি।
মেসার্স আনোয়ার স্টোরে ইফতার সামগ্রীর ওজনযন্ত্র পরীক্ষা করে পরিমাপে সঠিকতা নিশ্চিত করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন, পলাশ-এর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকীন মাশরুর খান।
প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নরসিংদীর ফিল্ড অফিসার (সিএম) মোহাম্মদ পারভেজ মিয়া এবং পরিদর্শক (মেট্রোলজি) মোঃ আরিফ হোসেন আসিফ। কেমিক্যাল পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন মোহাম্মদ পারভেজ মিয়া।
বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, পবিত্র মাহে রমজানে ভোক্তাদের ক্রয়-বিক্রয়ে স্বচ্ছতা, নিরাপদ খাদ্য এবং সঠিক ওজন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

