
ওমর ফারুক
নরসিংদী সদর উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। আজ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া এলাকায় পরিবেশ সংরক্ষণ ও কৃষিজমি রক্ষার্থে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর আওতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে মাটি উত্তোলনের সঙ্গে একজন ব্যক্তির সংশ্লিষ্টতা প্রমাণিত হয়। উক্ত কর্মকাণ্ড আইনটির ধারা ৪(খ) অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় ধারা ১৫(১) অনুযায়ী তাকে ৩,০০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় ঘটনাস্থলে অবৈধ মাটি উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয় এবং পুনরায় একই ধরনের অপরাধ সংঘটিত রোধে তাৎক্ষণিকভাবে অচল করে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয় এবং স্থানীয় জনজীবনে বিরূপ প্রভাব পড়ে। এসব অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সদর, নরসিংদী সিনিথিয়া হোসেন। পরিবেশ ও জনস্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
অবৈধ মাটি ও বালু উত্তোলন সংক্রান্ত যে কোনো তথ্য প্রশাসনকে অবহিত করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

