
ওমর ফারুক
নরসিংদীর মাধবদী থানাধীন মহিষাশুড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এক কিশোরীকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নরসিংদী জেলা শাখা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নরসিংদী থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, স্বাধীন ও সভ্য রাষ্ট্রে এমন পাশবিক ঘটনা সমাজ ও প্রশাসনের চরম ব্যর্থতারই বহিঃপ্রকাশ। অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে, যার ফলেই এ ধরনের নৃশংস ঘটনা বারবার ঘটছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নারী ও শিশুদের নিরাপত্তা দিতে বর্তমান প্রশাসনের নির্লিপ্ততা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানায় এনসিপি।
এনসিপির চার দফা দাবি
নরসিংদী জেলা এনসিপি পক্ষ থেকে নিম্নোক্ত দাবিগুলো তুলে ধরা হয়;
১. অবিলম্বে গ্রেফতার: এ নৃশংস ঘটনার সঙ্গে জড়িত সকল আসামিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে।
২. দ্রুত বিচার ট্রাইব্যুনাল: বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে অগ্রাধিকার ভিত্তিতে মামলার বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৩. স্বচ্ছ তদন্ত: কোনো রাজনৈতিক বা প্রভাবশালী মহলের চাপ ছাড়াই নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে।
৪. পরিবারের নিরাপত্তা ও ক্ষতিপূরণ: শোকসন্তপ্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
বিজ্ঞপ্তিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে জানায়, অপরাধী যেই হোক বা যে দলের ছত্রছায়াতেই থাকুক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না। নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হবে।
নরসিংদী জেলা এনসিপি সকল সচেতন নাগরিককে এ সামাজিক ব্যাধির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), নরসিংদী জেলা শাখার সদস্য সচিব আওলাদ হোসেন জনি।

