ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদী শহরের বড় বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (০৩ মার্চ) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামিনা তানির নেতৃত্বে মোবাইল কোর্ট ও বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। এসময় বাজারের দ্রব্যমূল্য, পণ্যের সরবরাহ ব্যবস্থা, মূল্য তালিকা ও ক্রয় রশিদ পর্যালোচনা করা হয়।

অভিযান চলাকালে একটি দোকানে অননুমোদিত ও অস্বাস্থ্যকর খাবার রং পাওয়া যায়। একই প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ টমেটো সস, ঘি এবং অননুমোদিত কেওড়া জলও উদ্ধার করা হয়। পরবর্তীতে এসব পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে খাবার রং ও কেওড়া জলের নমুনা সংরক্ষণের জন্য জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তার কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। বাকি মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত পণ্য তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

নিরাপদ খাদ্য কর্মকর্তার প্রসিকিউশনে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ অনুযায়ী অভিযুক্ত প্রতিষ্ঠানকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যদের একটি টিম।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।