
মাহমুদুল হাসান
বহুল আলোচিত আমেনা হত্যার ঘটনায় মূল রহস্য উদঘাটিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে নরসিংদী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিক সাথে প্রেস ব্রিফিংয়ে নরসিংদীর পুলিশ মোঃ আব্দুল্লাহ-আল-ফারুক জানিয়েছেন, প্রকৃত পক্ষে সৎ পিতা আশরাফ আলী, আমেনাকে হত্যা করে অন্যদের নামে মিথ্যা হত্যা মামলা সাজিয়েছেন।
তিনি আরো বলেন, আমেনা ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামী নূর মোহাম্মদ ওরফে নুরা (২৮) আমেনার সাথে পূর্ব হতে প্রেমের সম্পর্ক থাকার সূত্র ধরে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল। অপরদিকে আসামী হযরত আলী, এবাদুল, জামান ও গাফফার আমেনা হত্যাকান্ডের ১০/১২ দিন পূর্বে হযরত আলীর কোতালিরচরের নিজ বাড়িতে দলবদ্ধভাবে ধর্ষণ করে।
তদন্তে দেখা গেছে, আমেনার সৎ পিতা আশরাফ আলী (৪৫) ভিকটিমকে গত ২৫ ফেব্রুয়ারি রাতে পূর্ব পরিকল্পনা মোতাবেক তার এক সহকর্মী সুমনের বাড়িতে যাওয়ার পথে গলায় ওড়না পেঁচিয়ে একাই তাকে হত্যা করেছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
তিনি তার জবানবন্দিতে উল্লেখ করেন, ভিকটিমের বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের কারণে তিনি দীর্ঘদিন যাবৎ বিরক্ত ছিলেন এবং সামাজিকভাবে বিভিন্ন সময়ে হেয় প্রতিপন্ন হওয়ার কারণে তাকে হত্যা করেছে।
হত্যার দায় স্বীকার করা আমেনার সৎ বাবা আশরাফ আলী শেরপুর জেলার নালিতাবাড়ী থানার মোয়াকুড়া গ্রামের কুব্বাত আলীর ছেলে। তিনি বর্তমানে নরসিংদীর মাধবদীর কোতয়ালীরচর দড়িকান্দি গ্রামে মতির বাড়ীতে স্বপরিবারে ভাড়ায় বসবাস করে রাজমিস্ত্রীর কাজ করতো।
ইতিপূর্বে ধর্ষণে জড়িত প্রেমিক নূর মোহাম্মদ ওরফে নূরা, এবাদুল্লাহ (৪০), হযরত আলী (৪০) ও গাফফার (৩৭) এবং ধর্ষণের ঘটনায় শালিশ দরবার করে আমেনার পরিবারকে এলাকা ছাড়া করার অভিযোগে আহাম্মদ আলী মেম্বার ওরফে আহাম্মদ দেওয়ান, তার ছেলে মোঃ ইমরান দেওয়ান, প্রতিবেশী মোঃ আইয়ুব (৩০) ও ইছাহাক ওরফে ইছা কে গ্রেপ্তার করা হয়।
তাদের প্রত্যেককে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তারা সবাই বর্তমানে ৮ দিনের রিমান্ডে রয়েছে।
উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে নরসিংদী সদর উপজেলার মহিষাশুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দীর একটি সরিষা খেত থেকে আমেনার মরদেহ উদ্ধার করা হয়। এসময় আমেনার সৎ বাবা জানায় বুধবার রাতে বখাটে চক্রটি তরুণী আমেনাকে তার বাবার সামনে থেকেই ছিনিয়ে নিয়ে যায়। পরে তাকে পুনরায় গণধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে।
মাহমুদুল হাসান মাহফুজ
নরসিংদী
০৭-০৩-২০২৬ইং

