
ওমর ফারুক
নরসিংদী প্রতিনিধি:
“দুর্যোগের প্রস্তুতিতে লড়ব — তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী কালেক্টরেট ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।
পরে সেখানে দুর্যোগ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নিকাণ্ড মোকাবিলায় একটি মহড়া (ফায়ার ড্রিল) অনুষ্ঠিত হয়, যা উপস্থিতদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক, মেডিকেল অফিসার ডা. তৃষা জাফরিন, নরসিংদী রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ফারুক উদ্দিন ভূঁইয়া, বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলা সম্পাদক মনজিল এ মিল্লাত, নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক শিমুল মো. রাফি, নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিটের উপপরিচালক মেহেদী হাসান শেখ এবং ব্র্যাক ম্যানেজার মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউনুছ মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম শুভন।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও পূর্ব প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণ সমাজকে দুর্যোগ ব্যবস্থাপনায় সম্পৃক্ত করা গেলে একটি নিরাপদ ও দুর্যোগ-সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
প্রসঙ্গত, দিবসটি উপলক্ষে বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

