
ওমর ফারুক
নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়ে যাওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম আর্থিক সংকটে পড়েছেন। নরসিংদী রায়পুরা ৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আর্থিক সহায়তার জন্য আবেদন করা হয়েছে।
দরখাস্ত সূত্রে জানা যায়, গত ৯ মার্চ ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মির্জারচর বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে।
মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাজারের কয়েকটি দোকানে। এতে অন্তত ৩টি মুদি দোকান, একটি ডেন্টাল ফার্মেসি ও একটি ঘর পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন মির্জারচর উত্তরপাড়া এলাকার মোহাম্মদ কবির হোসেন। তিনি জানান, তার পরিচালিত “নিউ ডেন্টাল ক্লিনিক এন্ড ফার্মেসি” দোকানটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে দোকানে থাকা বিভিন্ন বিক্রয়যোগ্য ওষুধ, ডাক্তারি সরঞ্জাম, আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এছাড়াও মির্জারচর ততুয়াপাড়া এলাকার ক্ষুদ্র মুদি ব্যবসায়ী আমার শাহ আলম এর “এস আলম স্টোর” নামের দোকানটিও আগুনে পুড়ে যায়। দোকানে থাকা ফ্রিজ, চাল, আটা, ময়দা, চিনি, ডাল, বিভিন্ন তেল, সাবান, প্রসাধনী সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এসব দোকানই ছিল তাদের পরিবারের একমাত্র জীবিকার উৎস। অগ্নিকাণ্ডে দোকান ও পণ্যসামগ্রী পুড়ে যাওয়ায় তারা বর্তমানে চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন।
এ অবস্থায় ক্ষতিগ্রস্তরা রায়পুরা ৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নির্দেশে
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করে মানবিক দিক বিবেচনায় সরকারি আর্থিক সহায়তা প্রদান করার জন্য অনুরোধ জানিয়েছেন।
স্থানীয়দের মতে, দ্রুত সহায়তা না পেলে ক্ষুদ্র এসব ব্যবসায়ীদের পক্ষে আবার ব্যবসা শুরু করা কঠিন হয়ে পড়বে।
স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা তাদের সমস্যা তুলে ধরে
রায়পুরা ৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে এই ঘটনাটি জানান।

