ওমর ফারুক
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে নরসিংদী পৌরসভার উদ্যোগে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪ মার্চ) সকালে নরসিংদী পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় পৌরসভা প্রাঙ্গণে এসে শেষ হয়।র্যালিতে নরসিংদী পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক এবং সাধারণ নাগরিকরা অংশগ্রহণ করেন। র্যালি শেষে শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।আয়োজকরা জানান, পৌর এলাকার বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে উদ্বুদ্ধ করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
পাশাপাশি সবাইকে নিজ নিজ বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার এবং কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়ার আহ্বান জানানো হয়।পৌরসভা সূত্রে জানা যায়, ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

