
ওমর ফারুক
নরসিংদী রেলওয়ে স্টেশনকে যাত্রীবান্ধব ও আধুনিক করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন রেল যাত্রী অধিকার ফোরামের সভাপতি আমজাদ জুয়েল। তিনি জানান, দীর্ঘদিন ধরে যাত্রীদের নানা ভোগান্তি কমাতে এবং স্টেশনের সার্বিক পরিবেশ উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
গণমাধ্যমকে তিনি বলেন, গত বছরে তাদের ধারাবাহিক প্রচেষ্টা ও দাবির প্রেক্ষিতে নরসিংদী রেলস্টেশনে তিনটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা সম্ভব হয়েছে। ট্রেনগুলো হলো— মহানগর প্রভাতী, মহানগর গোধূলি এবং উপবন এক্সপ্রেস। এতে করে নরসিংদীর যাত্রীদের যাতায়াত অনেকটাই সহজ হয়েছে।
স্টেশনের অবকাঠামোগত উন্নয়নের বিষয়েও তিনি বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জানান, যাত্রীদের স্বাচ্ছন্দ্য বাড়াতে ইতোমধ্যে স্টেশনে ৩০টি বৈদ্যুতিক পাখা স্থাপন করা হয়েছে এবং বসার সুবিধার্থে নতুন বেঞ্চ বসানো হয়েছে। পাশাপাশি যাত্রীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
আমজাদ জুয়েল আরও জানান, নরসিংদী রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্লাটফর্মটি ছোট হওয়ায় যাত্রীদের ভোগান্তি হচ্ছে। এ কারণে প্লাটফর্মটি সম্প্রসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
স্টেশনের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, স্টেশন এলাকায় কিছু ভবঘুরে ও মাদকসেবীদের আড্ডা তৈরি হয়েছে, যা যাত্রীদের জন্য অস্বস্তিকর। এ বিষয়ে ইতোমধ্যে রেলওয়ে পুলিশ ফাঁড়ির সঙ্গে আলোচনা করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, রেলওয়ে পুলিশ দায়িত্বশীলভাবে কাজ করলে স্টেশন এলাকায় অসামাজিক কার্যকলাপ অনেকটাই কমে আসবে।
এছাড়া নরসিংদীতে টিকিট কালোবাজারি ও অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনাতেও ক্ষোভ প্রকাশ করেন আমজাদ জুয়েল। তিনি বলেন, এসব অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, নরসিংদী রেলস্টেশনকে একটি আধুনিক ও নিরাপদ স্টেশনে রূপান্তর করতে রেল যাত্রী অধিকার ফোরাম ভবিষ্যতেও কাজ করে যাবে এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

