মোঃ মোবারক হোসেন
নরসিংদীর মনোহরদীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার খিদিরপুর বাজার এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার কোনাপাড়া গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে সোবহান (৪১) এবং খিদিরপুর গ্রামের আবদুস সালামের ছেলে মনসুর (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলামের নেতৃত্বে ও দিকনির্দেশনায় রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ খিদিরপুর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
এ সময় বাজারের তিন রাস্তার মোড়ের সিএনজি স্ট্যান্ড সংলগ্ন পাকা সড়কে মাদক ক্রয়-বিক্রয়ের সময় তাদের আটক করা হয়।পরে তাদের দেহ তল্লাশি করে ১০টি ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মনোহরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
মনোহরদী থানার ওসি মো. শাহিনুল ইসলাম বলেন, “মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদকবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

