
ওমর ফারুক
নরসিংদীর মাধবদীতে পুকুরে ডুবে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (২৮ মার্চ ২০২৬) বিকেলে এ ঘটনা ঘটে কাঁঠালিয়া ইউনিয়নের ফজুরকান্দি কান্দাপাড়া এলাকায়।
জানা যায়, দুপুর প্রায় ২টা ৩৮ মিনিটে ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। পরে বিকেল ৩টা ৫ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
নিহত কিশোরীর নাম মোসাঃ মেঘলা আক্তার (১২)। তিনি ওই এলাকার বাসিন্দা প্রবাসী মো. শাহ আলম মোল্লার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেঘলা তার তিন বান্ধবীর সঙ্গে এলাকার ‘বালুর পুকুর’ নামে পরিচিত একটি পুকুরের পাড়ে টিকটিক (ভিডিও ধারণ) করতে গিয়েছিল। এ সময় অসাবধানতাবশত পা পিছলে পুকুরে পড়ে যায় এবং পানিতে ডুবে নিখোঁজ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় তল্লাশি চালান। পরে বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে প্রায় ২০ ফুট গভীর পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মাধবদী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার (ইনচার্জ) মো. রায়হান-এর নেতৃত্বে লিডার রুহুল আমিন ও ফায়ারফাইটার মোঃ আনোয়ার হোসেন উদ্ধার অভিযান পরিচালনা করেন।
উদ্ধারের পর স্থানীয় জনতার উপস্থিতিতে মরদেহটি নিহতের খালার নিকট হস্তান্তর করা হয়। পরে উদ্ধারকারী দল বিকেল ৫টা ৩৫ মিনিটে স্টেশনে ফিরে যায়। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

