ওমর ফারুক
বার্তা সম্পাদক

পরিবেশ দূষণ রোধ ও জলাশয় রক্ষায় নরসিংদী সদর উপজেলায় দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ ২০২৬) মেহেরপাড়া ইউনিয়নের বিভিন্ন ডাইং মিল পরিদর্শন করে এই অভিযান পরিচালনা করা হয়।

নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দেখা যায়, কয়েকটি ডাইং মিল ইটিপি (Effluent Treatment Plant) ছাড়া দূষিত ও ঝুঁকিপূর্ণ বর্জ্য পদার্থ আশপাশের জলাশয়ে নির্গমন করছে, যা স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি করছে।

অভিযানকালে “ফ্রেন্ডস ডিজিটাল প্রিন্ট প্রসেসিং” নামক একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিশোধনবিহীন কেমিক্যালযুক্ত পানি আবাসিক এলাকার জলাশয়ে ফেলার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(গ) ধারায় অপরাধ এবং ১৫(১) ধারায় শাস্তি হিসেবে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই অপরাধে “তাকওয়া ডিজিটাল প্রিন্টিং” নামক আরেকটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এভাবে দুটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তর, নরসিংদীর সহকারী পরিচালক আবুল মনসুর মোল্লা উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পরিবেশ অধিদপ্তরের পরিবেশগত ছাড়পত্র প্রাপ্তির আগ পর্যন্ত সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। 

নির্দেশনা অমান্য করলে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা ও অধিক শাস্তির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষা ও জলাশয় দূষণ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।