আহসানুল হক নয়ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামে সিভিল পোশাকে র‍্যাব পরিচয়ে এক যুবককে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী উজ্জল মিয়া ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে। অভিযোগ উঠেছে, কাজল ও আজমল নামের দুই ব্যক্তি নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে গত ২৭ মার্চ, শুক্রবার রাতে উজ্জল মিয়াকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা সিভিল পোশাকে মোটরসাইকেলে করে ঘটনাস্থলে এসে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে তাকে নিয়ে যাচ্ছিল। এ সময় বিষয়টি স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর নজরে এলে তারা দ্রুত এগিয়ে এসে তাদের গতিরোধ করে।

একপর্যায়ে এলাকাবাসীর সঙ্গে অভিযুক্তদের বাকবিতণ্ডা শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে স্থানীয়দের দৃঢ় অবস্থানের মুখে উজ্জল মিয়াকে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত উদ্বেগজনক।