ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসাইন বিদ্যুৎ।

নরসিংদী জেলা বিএনপির নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ত্যাগ, সংগ্রাম ও আন্দোলনের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন এই তরুণ নেতা।

রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে অতীতে তিনি হামলা ও একাধিক মামলার শিকার হয়েছেন। নানা প্রতিকূলতা সত্ত্বেও দলীয় আদর্শে অবিচল থেকে নরসিংদী জেলা বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন তিনি।

নেতাকর্মীদের কাছে মহসীন হোসাইন বিদ্যুৎ একজন সাহসী, ত্যাগী ও আস্থাভাজন নেতা হিসেবে পরিচিত। সংশ্লিষ্ট মহলের মতে, কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা অর্জন এবং দীর্ঘদিনের রাজনৈতিক অবদানের স্বীকৃতি হিসেবেই তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে তার নিয়োগের খবরে নরসিংদী জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে নরসিংদী জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী হবে।