ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার শামীমের নাম ভাঙিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩১ মার্চ) শহরের কাউরিয়া পাড়া এলাকার পায়রা চত্বর থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন।

আটককৃতরা হলেন— সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের সফিক মিয়ার ছেলে মো. সোহান (২৫), একই এলাকার শাহজাহান ফকিরের ছেলে শামীম ফকির (৩৫) এবং কাঞ্চন মিয়ার ছেলে শুভ (২৭)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৬ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে চিনিশপুর এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার শামীমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুতি মামলার আসামি মনিরুজ্জামান (৩৬) কে একটি দেশীয় অস্ত্র (রামদা)সহ গ্রেপ্তার করে।

এরপর ১৭ মার্চ বিকেলে ডিবির সোর্স পরিচয়ে সোহান তার দুই সহযোগীকে নিয়ে গ্রেপ্তারকৃত মনিরুজ্জামানের বাড়িতে যায়। তারা পরিবারকে জানায়, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার শামীমকে ১০ হাজার টাকা দিলে মনিরুজ্জামানকে আদালতে চালান না দিয়ে ছেড়ে দেওয়া হবে। পরিবারের সদস্যরা সরল বিশ্বাসে তাদের হাতে টাকা তুলে দেন।

কিন্তু পরবর্তীতে মনিরুজ্জামানকে আদালতে চালান দেওয়া হলে আদালত তাকে কারাগারে পাঠান। এতে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। পরে খোঁজ নিয়ে তারা জানতে পারেন, সোহান, শামীম ও শুভ অতিরিক্ত পুলিশ সুপারের নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে টাকা আদায় করেছে এবং ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

ভুক্তভোগী পরিবার বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপারকে জানালে তার পরামর্শে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

নরসিংদী সদর মডেল থানার ওসি এ আর এম আল মামুন জানান, প্রতারণার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অভিযোগ স্বীকার করেছে।