
ওমর ফারুক
নরসিংদীতে তেল, গ্যাস ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান।
মতবিনিময় সভায় নরসিংদী জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা পেট্রোলপাম্প অ্যাসোসিয়েশন, জেলা এলপি গ্যাস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) শিউলী রহমান তিন্নি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আশিকুর রহমান, নরসিংদী ডিজিএফআই-এর সহকারী পরিচালক মো. ইউনুছ আলী, র্যাব-১১ সিপিএসসি নরসিংদীর উপসহকারী পরিচালক (ডিএডি) আবু বক্কর মোহাম্মদ হেলাল, জেলা পেট্রোলপাম্প অ্যাসোসিয়েশনের সভাপতি মোমেন মোল্লাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় জেলার ৬টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)-দের সঙ্গে জেলা প্রশাসক ভার্চুয়ালি যুক্ত হয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেগুলো হলো, প্রতিটি উপজেলায় স্থাপিত পেট্রোল পাম্পের জন্য একজন করে সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হবে।
ফুয়েল কার্ডের মাধ্যমে মোটরসাইকেলে ৩০০ টাকার তেল সরবরাহ করা হবে, হেলমেট ও বৈধ গাড়ির লাইসেন্স না থাকলে তেল দেওয়া হবে না, প্রতিটি পেট্রোল পাম্পে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হবে, কোনো পাম্প মালিক অবৈধভাবে তেল পাচারের চেষ্টা করলে তার লাইসেন্স বাতিল করা হবে এবং রোড পারমিট ছাড়া নরসিংদী জেলায় কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না।
এছাড়া এসব সিদ্ধান্ত বাস্তবায়ন ও তদারকির জন্য প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক কার্যক্রম পরিচালনা করবে বলে সভায় জানানো হয়।

